ডেস্ক রিপোর্ট ২৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩১:১০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলায় চলতি শীত মৌসুমে প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৈরী আবহাওয়ার প্রভাবে বোরো ধানের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সময়মতো ক্ষেতে চারা রোপণ করতে না পারায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এর সঙ্গে যুক্ত হয়েছে সার ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যব্রদ্ধি এবং সরবরাহ জটিলতা।
খামার বাড়ি সাতক্ষীরা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৮০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ২৬৫ হেক্টর, কলারোয়া উপজেলায় ১২ হাজার ৮৭০ হেক্টর, তালা উপজেলায় ১৯ হাজার ১৫৫ হেক্টর, দেবহাটা উপজেলায় ৬ হাজার ১২৫ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ৯ হাজার ৬৫৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ৯ হাজার ৬৯০ হেক্টর এবং শ্যামনগর উপজেলায় ২ হাজার ৭২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। চলতি মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৪৪২ মেট্রিক টন।
সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের কৃষক আব্দুল মাজেদ জানান, তীব্র শীতের কারণে বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে, অনেক চারা মারাও যাচ্ছে। শীতের কারণে দিনমজুররা মাঠে কাজ করতে না পারায় নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ২০ দিন দেরিতে চারা রোপণ করতে হচ্ছে। তার ওপর সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বহুগুণ।
কলারোয়ার চেড়াঘাট গ্রামের কৃষক মফিজুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৩ থেকে ৪শ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। অনেক ডিলার ক্যাশমেমো দিচ্ছেন না এবং নানান কৌশলে বেশি দামে সার বিক্রি করছেন।
এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী মো. জিয়াউল ইসলাম বলেন, শীত কিছুটা বেশি পড়ায় বীজতলায় সাময়িক সমস্যা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের ভালো ফলন হবে। বর্তমানে সারের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি। অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, কলারোয়ার দমদম বাজারের সার ডিলার ইমাদুল হক বলেন, যারা বাকিতে সার নিচ্ছেন, শুধু তাদের কাছ থেকেই বস্তাপ্রতি ১২শ টাকা বেশি নেওয়া হচ্ছে। কারণ অনেক কৃষক ৩ থেকে ৪ মাস পর টাকা পরিশোধ করেন এবং ফসল ভালো না হলে টাকা আদায় করা কঠিন হয়ে পড়ে।
সব প্রতিবন্ধকতা সত্তে¡ও কৃষি বিভাগের আশাবাদ আবহাওয়া অনুকূলে থাকলে আগের বছরের মতোই চলতি মৌসুমে সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলন হতে পারে।

















