দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
সভায় সরকারি কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস মন্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।
এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








