কালিগঞ্জে কীটনাশক সেবনে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ (কীটনাশক) সেবনে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জেহের আলী উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করেন জেহের আলী। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা হাট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন