সাতক্ষীরা

ক্ষমতার ভাগ নয়, চায় দেশের সংস্কার : এনসিপি নেতা নাহিদ ইসলাম

  আসাদুজ্জামান ১২ জুলাই ২০২৫ , ৪:০৩:০২ অনলাইন সংস্করণ

“ক্ষমতার ভাগবাটোয়ারা নয়, আমরা দেশের সংস্কার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, বিচার চেয়েছি। কিন্তু এ দাবির বিপরীতে দাঁড়িয়ে গেছে একটি সুবিধাবাদী গোষ্ঠী”—এ কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তারা ভেবেছিল, দুই-তিনটি আসন আর ক্ষমতার ভাগ দেখিয়ে আমাদের কেনা যাবে। কিন্তু যারা বিপ্লব করেছে, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে—তাদের কেনার সাহস বাংলাদেশের কোনো দলের নেই। গণঅভ্যুত্থানের শক্তি এখনও মাঠে রয়েছে, কেউ যদি মনে করে তারা পুরনো রাজনীতি চালিয়ে যাবে, তবে তা হবে না।”

তিনি আরও বলেন, “আমরা ৫ই আগস্ট জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। বলেছিলাম, দলীয় বিভাজন ভুলে দেশ পুনর্গঠন করি। কিন্তু তারা তা গ্রহণ করেনি। তাদের লক্ষ্য ছিল কেবল তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচন—ক্ষমতার লোভেই তারা সংস্কারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।”

এনসিপি নেতা অভিযোগ করেন, “তারা চায় পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে। চায় চাঁদাবাজি ও সন্ত্রাস বজায় রাখতে। কিন্তু আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে শত্রুতা নয়, থাকবে জাতীয় ঐক্য ও পুনর্গঠন।”

পথসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এনসিপির সমন্বয়ক কামরুজ্জামান বুলু। আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

পথসভা শেষে নেতৃবৃন্দ জুলাই-বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। পরে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। একই দিন নিউমার্কেট এলাকার আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

আরও খবর