সাতক্ষীরা

সেনাবাহিনী-বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৪ আসামী গ্রেফতার

  ডেস্ক রিপোর্ট ১ জানুয়ারি ২০২৬ , ১:০৩:৩৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে তিনটি মাদক মামলা রুজুসহ মোট পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন মাদক মামলার আসামী এবং একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, অভিযানে ভোমরা গাজীপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে শাহিনুর রহমান (৩০) কে ৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে মাহমুদপুর, ভারুখালী এলাকার আব্দুস সালামের ছেলে আসাদুজ্জামান (৩০) ও সালাউদ্দিন (২৪) কে ১৮ বোতল উইনসারেক্স (WINCEREX) কফ সিরাপসহ আটক করা হয়। অপরদিকে আলিপুর (বুলারাটি) এলাকার সেলিম হোসেনের ছেলে সাকিব হোসেন (২২) কে ২ বোতল উইনসারেক্স কফ সিরাপসহ গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে যথাক্রমে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামীকেও আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেফতার পাঁচজন আসামীকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর