আশাশুনি

বুধহাটা–উজিরপুর সড়ক বেহাল: গর্ত আর ঝুঁকিতে নিত্যদিনের যাত্রা

  আশাশুনি প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ২:০০:১০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে উজিরপুর গ্রোথ সেন্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও ইটখোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা বাজার থেকে উজিরপুরগামী এ সড়কটি বর্তমানে একটি ব্যস্ততম রুটে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রলি, পিকআপ ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে এসব যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঝাঁকুনির কারণে যানবাহনে বসে থাকা দুষ্কর হয়ে পড়েছে, অনেকের শরীরে ব্যথা পর্যন্ত দেখা দিচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য এ পথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শ্বেতপুর ও বেউলা এলাকার কিছু অংশে গর্তের গভীরতা এক থেকে দুই ফুট পর্যন্ত হয়েছে। এছাড়া একটি স্থানে কালভার্ট বসে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। রাতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পথ পাড়ি দিতে হয়। দিনের বেলাতেও ঝুঁকি এড়ানো যাচ্ছে না।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও খবর