নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

‘যুবার হাতেই দিন বদল’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি সদস্যরা অংশ নেন। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

সিডোর প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রূপালী পরিচালক মো. শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবু প্রসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের মো. কামাল হোসেন, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, দলিত নেতা দিলীপ দাস এবং যুব প্রতিনিধিরা।

মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে নেক্সাসের কার্যক্রম তুলে ধরেন যুব প্রতিনিধি ইমতি জামিল।

সভায় জানানো হয়, নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি কমানো। পাশাপাশি যুব নেতৃত্ব বিকাশ এবং সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের নীতি, বাজেট ও সেবা প্রদানের প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনাও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সভায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের অভাব, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, মাদকাসক্তি, যুবদের সামাজিক ঝুঁকি, লবণাক্ততা বৃদ্ধিতে কৃষির বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন