সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতি আফজাল করিমের (৭৬) জানাজায় হাজারো মুসল্লির সমাগম হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসরের নামাজের পর কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের বামনখালী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন করিম বাবলু।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘তিনি আমার আপন বড় ভগ্নিপতি ছিলেন। অত্যন্ত সৎ, বিনয়ী ও ভালো মনের একজন মানুষ ছিলেন। আমার বোন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত রাতে আমি ঢাকায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করি। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই।’
জানাজায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ রইসউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে আফজাল করিম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







