সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা, ঘোনা, কুশখালী ও কাকডাঙ্গা বিওপির টহলদল এসব অভিযান চালায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় এলাকা থেকে ১১ হাজার ৯৩০ টাকা মূল্যের ভারতীয় অ্যালুমিনিয়াম শেল ও পাতার বিড়ি জব্দ করে। ঘোনা বিওপির দল দাঁতভাঙ্গা এলাকা থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে।
এ ছাড়া কুশখালী বিওপির দল আমতলা এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ, জিরা ও চিনি জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।







