তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুজিবুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা সদরের একটি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত মুজিবুর রহমান মোল্লা শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুরের কদমতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশে একটি পাম্প থেকে পানি আনতে যায়। সেখানে মুজিবর রহমান মোল্লা শিশুটিকে একা পেয়ে ডাকেন।
পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মুজিবুর রহমানকে আটক করেন। এরপর গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে মুজিবর রহমানকে থানায় নিয়ে যায় পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
















