সাতক্ষীরার শ্যামনগরে পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীদের সম্মানে এক হৃদয়গ্রাহী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মো: হারুন অর রশীদ এর সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সকাল ১০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠান কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন মাওলানা মো: কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।এছাড়া আরোও বক্তব্য প্রদান করেন, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, মাস্টার রেজাউল ইসলাম, পৌর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, নৈতিকতা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা। ইবরাহীম (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর নিঃস্বার্থ আত্মোৎসর্গ মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা মুসলিম সমাজে আজও প্রেরণার উৎস। তারা বলেন, এই আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কেন্দ্র ঘোষিত ‘সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ’ যথাযথভাবে পালন করতে হবে। এর মাধ্যমে সংগঠনের জনশক্তি বৃদ্ধি, নৈতিকতাসম্পন্ন জাতি গঠন এবং ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে কাঠামোগত শক্তি অর্জনের দিকে সবাইকে মনোযোগী হতে হবে। শ্যামনগর উপজেলাকে দুর্নীতি, ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও লুণ্ঠনকারীদের কবল থেকে মুক্ত করতে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা বলেন, একটি আদর্শ উপজেলা গঠনে শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর সংগঠনের অসংখ্য দায়িত্বশীল, আমীর-সেক্রেটারী টিম সদস্য এবং বিভিন্ন এলাকার শুভানুধ্যায়ী অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শ্যামনগর সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, অভিনয় ও কৌতুকের মধ্য দিয়ে তারা উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করেন।
সবশেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।