শ্যামনগর

সড়কই পুকুর, ভেসে যাচ্ছে জনজীবন—সোরা দক্ষিণ পাড়ার স্থায়ী দুর্ভোগ

  ডেস্ক রিপোর্ট ৬ জুলাই ২০২৫ , ১:৫৬:১০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা দক্ষিণ পাড়ার ঈদগাহ সংলগ্ন প্রধান সড়কটি বর্ষা এলেই পানিতে তলিয়ে যায়। বছরের পর বছর এই দুর্ভোগ চললেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। এবছরও সড়কটি রীতিমতো পুকুরে রূপ নিয়েছে। অথচ এটি স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে পানি জমে সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে আশপাশের কাঁচা ঘরবাড়ি, ফলজ গাছ, কৃষিজমি, এমনকি কবরস্থান পর্যন্ত ক্ষতির মুখে পড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা। ঝুঁকি নিয়েই চলছে বাইসাইকেল ও মোটরযান।

স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর মোল্যা, ফেরদাউস হোসেন, মিজানুর রহমান, হাতেম ও রফিকুল ইসলাম জানান, প্রতিবছরই ঈদগাহ, মসজিদ মাঠ, কবরস্থান ও বাড়িঘরে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়, অথচ কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও বিষয়টি গুরুত্ব পায়নি।

তাদের দাবি, একটি ড্রেন বা পাইপলাইন স্থাপন করে সড়কের পানি পাশ্ববর্তী মাদার নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, “বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।” পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা জানান, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

এলাকাবাসীর জোর দাবি, আর অপেক্ষা নয়—অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

আরও খবর