সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি সবজি ক্ষেত থেকে এক যুবকের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইকবাল হোসেন (৪০)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে আকরাম হাজীর সবজি ক্ষেত থেকে ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। তার বাম পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মরদেহে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্নও রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “মরদেহের পাশে বৈদ্যুতিক তার পাওয়া গেছে। ইঁদুর তাড়াতে ওই ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল বলে জানা গেছে। তবে পায়ের রগ কাটা থাকায় ঘটনাটি রহস্যজনক।”
স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, ইকবাল মাদকাসক্ত ছিলেন এবং হয়তো মাদক সেবনের জন্য নির্জন ওই স্থানে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন। তবে, রগ কাটা থাকা অবস্থায় এমন মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট কিনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনার পর থেকে আতঙ্ক ও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এটি কি নিছক দুর্ঘটনা, নাকি ঠাণ্ডা মাথার পরিকল্পিত হত্যা?