শ্যামনগর প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১:৩০:২৪ অনলাইন সংস্করণ
মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয় সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. নাহিদ নজরুল বলেন, “উপকূলের বনজ ও মৎস্যজীবী জনগোষ্ঠী প্রায়শই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। গর্ভবতী নারীদের ঝুঁকি হ্রাসে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”
ক্যাম্পে গর্ভবতী নারীদের জন্য বিনামূল্যে প্রসব-পূর্ব স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ধারণ, আল্ট্রাসাউন্ড ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সেবা প্রদান করেন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মাহফুজা আলম এবং শিশু ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার হাসান।
দিনব্যাপী এ কার্যক্রম শেষে হাসপাতাল চত্বরে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শুধু মাতৃসেবা নয়—দৃষ্টিশক্তি রক্ষা, বিভিন্ন বিশেষ অপারেশনসহ বহুমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রম বছরের নানা সময়ে পরিচালনা করে আসছে তারা।

















