সারাদেশ

কয়রায় অনলাইন জিডি সেবা চালু, জনভোগান্তি এড়াতে নতুন দিগন্তের সূচনা

  কয়রা (খুলনা) প্রতিনিধি ৩০ জুলাই ২০২৫ , ১:০৮:৩৮ অনলাইন সংস্করণ

পুলিশি সেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে খুলনা ও বরিশাল বিভাগের সকল থানায় একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় কয়রা থানায়ও এ সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গতকাল কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। এতে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ এবং মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জি এম মাওলা বক্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সেবার মাধ্যমে কয়রাবাসী এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে হারানো মোবাইল, পরিচয়পত্র, চুরি বা সাধারণ অভিযোগসহ মোট ২৯ ধরনের বিষয়ে অনলাইনে জিডি করতে পারবেন।

ওসি জিএম ইমদাদুল হক বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। অনলাইন জিডি সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে এবং হয়রানি ও সময়ের অপচয় কমে আসবে।”

এই অনলাইন সেবার মাধ্যমে মানুষ যেমন সময় ও খরচ সাশ্রয় করতে পারবে, তেমনি পুলিশের সেবা আরও সহজলভ্য ও গণমুখী হবে — এমনটাই প্রত্যাশা সকলের।

আরও খবর