শ্যামনগর

দুর্যোগপ্রবণ শ্যামনগর-আশাশুনিকে এক আসনে ভোগান্তি বাড়বে : সাবেক এমপি গাজী নজরুল

  শ্যামনগর প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৩:৩৪:০৬ অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, “আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্র করে একটি আসনে রূপান্তর করায় দুই উপজেলার জনগণকে দুর্ভোগে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ দুটি উপজেলা অনেকগুলো দ্বীপ ও দুর্যোগপ্রবণ এলাকা নিয়ে গঠিত। এমন ভৌগোলিক বিচ্ছিন্ন অঞ্চলে জনগণের সেবা ও যোগাযোগ কার্যকরভাবে চালানো সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী।”
তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, “পূর্বের মতো শ্যামনগরকে একটি একক আসন হিসেবে পুনর্বহাল করা হোক। অন্যথায় শ্যামনগর ও কালিগঞ্জকে নিয়ে আলাদা একটি আসন গঠন করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, “বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। অথচ একে পূর্ণাঙ্গ সংসদীয় আসন হিসেবে না রেখে বিভক্ত করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে।” তিনি অবিলম্বে এই খসড়া গেজেট বাতিলের আহ্বান জানান।
মানববন্ধনে শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সীমা পুনর্বিন্যাসের সিদ্ধান্তে জনগণের মতামত উপেক্ষিত হয়েছে। তারা জনমতের প্রতি সম্মান দেখিয়ে পুরনো আসন বিন্যাস ফিরিয়ে আনার দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর