শ্যামনগর প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:৫২:৫৪ অনলাইন সংস্করণ
জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের খসড়া গেজেটের প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “আসন পুনর্বিন্যাসের নামে সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও দুর্যোগপ্রবণ আশাশুনিকে একত্র করে সাতক্ষীরা-৪ আসনে রূপান্তর করায় এ অঞ্চলের জনগণের ভোগান্তি বাড়বে। এই দুই উপজেলা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও নদী-বেষ্টিত, যা একত্র করা জনবিরোধী সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা জেলা সদরে যাতায়াতের জন্য শ্যামনগর বা আশাশুনির বাসিন্দাদের একে অপরের উপজেলায় যেতে হয় না। বরং তারা কালিগঞ্জ উপজেলার প্রধান সড়ক ব্যবহার করেন। পূর্বে শ্যামনগর একটি পৃথক আসন ছিল। পরে শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জের ৮টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠন করা হয়। বর্তমান খসড়া গেজেট সংশোধন করে শ্যামনগরকে পূর্বের ন্যায় একটি পৃথক আসন হিসেবে বা শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে একটি আসন গঠনের দাবি জানাই।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের স্বার্থে শ্যামনগরকে আশাশুনির সঙ্গে একীভূত না করে যৌক্তিক ও বাস্তবভিত্তিক পুনর্বিন্যাস করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম ও যুববিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল প্রমুখ।

















