কয়রা প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৩:২৮:১৪ অনলাইন সংস্করণ
খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে সিদ্দিকীয়া এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফরহাদ হুসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন হাফেজ মোঃ মহিবুল্লাহ।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সিদ্দিকীয়া এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক (অব.) আ.ব.ম. আব্দুল মালেক, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মানছুর আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকেয়া খানম, সমাজসেবক মাওলানা আঃ রশিদ, শিক্ষক রবিউল ইসলাম ও মোমিনুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাস্টার শাহিনুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ সালাহউদ্দীন মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং কৃতী শিক্ষার্থী রোহান বিনতে রহমানসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ফরহাদ হুসাইন বলেন, “তোমাদের এই সাফল্য শুধু তোমাদের নয়; এটি পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত ফল। আগামী দিনে তোমরাই জাতি গঠনের মূল চালিকাশক্তি হবে।”
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

















