এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১২ আগস্ট ২০২৫ , ৪:০৪:৩৮ অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গাবুরা ইউনিয়ন ১-০ গোলে নুরনগর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে বাছাইপর্ব শেষে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়নের আমির ড. রুহুল আমিন, গাবুরা ইউনিয়নের আমির মাওলানা দিদারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্যরা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। খেলা ও পুরস্কার বিতরণীকে ঘিরে মাঠ ছিল উৎসবমুখর।

















