শ্যামনগর

শ্যামনগরে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক দখলমুক্তে ইউএনওর অভিযান

  শ্যামনগর প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৪:৫৩:২৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে দখলমুক্ত হলো শহীদ মুক্তিযোদ্ধা সড়ক। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এ ব্যস্ত সড়কটি দীর্ঘদিন ধরে খুচরা দোকান ও অস্থায়ী অবৈধ স্থাপনার দখলে ছিল। দোকানদাররা ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে রাখায় সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল।
অভিযান চলাকালে ইউএনও রনি খাতুন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে ব্যবসা চালানো আর মেনে নেওয়া হবে না। এতে জনগণের ভোগান্তি বাড়ছে, রোগীরা দুর্ভোগে পড়ছেন। তাই অবৈধ স্থাপনা এখনই সরিয়ে ফেলতে হবে। ভবিষ্যতে দখল করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, শুধু শহীদ মুক্তিযোদ্ধা সড়ক নয়, উপজেলার মেইন রোডসহ যেসব স্থানে ইট, বালু, কাঠ বা অন্যান্য সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত অভিযান চালানো হলে শ্যামনগরের সড়কগুলো দখলমুক্ত থাকবে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

আরও খবর