সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা। বন বিভাগ জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, “প্রতি বছর তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছরের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে জেলেদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আটক জেলেরা দুই দিন আগেই অবৈধভাবে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করছিল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।”







