মুক্তিপণ দিয়ে ফিরলেন এক জেলে, অপরজন এখনো দস্যুদের কবলে

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ
HridoyBarta

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দস্যুদের হাতে অপহৃত দুই জেলের একজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও অপরজন এখনো মুক্তি পাননি। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুক্তি পাওয়া জেলে আব্দুস সালাম নিজ বাড়িতে ফেরেন। তবে মুক্তিপণের টাকা না দিতে পারায় ভেটখালীর বিজয় কাহার এখনো দস্যুদের জিম্মায় রয়েছেন।
অপহৃত হয়ে ফিরে আসা জেলে আব্দুস সালাম (২৫) শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের নুর হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের পায়রাটুনি খাল থেকে বনদস্যুরা তাকে অপহরণ করে। পরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বিকাশের মাধ্যমে ৩৬ হাজার ৫শ টাকা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
অপর জেলে বিজয় কাহার (৩৮) ভেটখালী গ্রামের কৃষ্ণ কাহারের ছেলে।
মুক্তিপণ দিয়ে ছেলেকে উদ্ধার করা নুর হোসেন জানান, গত মঙ্গলবার তার ছেলে আব্দুস সালাম ও বিজয় কাহার মাছ ধরতে সুন্দরবনে যায়। এসময় পাঁচ সদস্যের একটি বনদস্যু দল তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় এবং মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে ৩৫ হাজার টাকায় সমঝোতা হলে তার ছেলেকে মুক্তি দেওয়া হয়।
আব্দুস সালাম জানান, বনদস্যু দলের হাতে তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে।
এদিকে, জিম্মি থাকা বিজয় কাহারের বাবা কৃষ্ণ কাহার বলেন, “ছেলের মুক্তিপণের টাকা এখনো জোগাড় করতে পারিনি। দস্যুরা ৫০ হাজার টাকা বিকাশে পাঠাতে (০১৯১৬৮১৩৬৪৯ নম্বরে) বলেছে।”
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, “অপহরণের খবর আমরা শুনছি। তবে ভুক্তভোগী বা তাদের পরিবার যথাসময়ে তথ্য না দেওয়ায় ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। এতে করে সুন্দরবনের উপকূলে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।”

বিজ্ঞাপন