শ্যামনগর

সুন্দরবনের সুরক্ষায় বনবিভাগের অভিযান, আটক ৪ জেলে

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:০৮:০৮ অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে নিয়মিত অভিযানে ৪ জন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম। রবিবার সকাল থেকে চলা টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন— গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম ভেঙে গোপনে প্রবেশ করে মাছ শিকার করে থাকে। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু জেলে বারবার আইন ভঙ্গ করছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সোমবার সকালে আটককৃতদের স্টেশনে নিয়ে আসার পর বন আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় পরিবেশবিদরা বলেন, বনবিভাগের এ ধরনের নিয়মিত অভিযান সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর