এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫০:৩৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম।
বুধবার (১০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা কোনো সাময়িক সমস্যা নয়; বরং এটি শ্যামনগর পৌরসভার দীর্ঘদিনের ভোগান্তি। পূর্বেও প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।
গ্রামটি কৃষি নির্ভর হওয়ায় এখানকার মানুষের জীবিকা মূলত কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু প্রতিবছর বর্ষায় পানি নিষ্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতায় ফসলের জমি অনাবাদি পড়ে থাকে। চলতি মৌসুমে প্রায় ২০০ বিঘা আমন ধানের জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু কৃষিই নয়, স্থানীয় মানুষের বসতভিটাও পানির নিচে ডুবে থাকায় নানা সমস্যা দেখা দিয়েছে। পচা পানির দুর্গন্ধে চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং পানিবাহিত রোগ যেমন চর্মরোগ ছড়িয়ে পড়ছে।
এছাড়া শ্যামনগর সদর হাসপাতালের পাশেই এই জলাবদ্ধ এলাকা থাকায় রোগী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
স্থানীয়দের দাবি, বাদঘাটা গ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একটি স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপকূলীয় সবুজ সংহতির আহ্বায়ক কুমুদ রঞ্জন গায়েন, শ্যামনগর পৌর শাখার সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজালুল হক, দেলোয়ারা বেগম, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহ্বায়ক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল, বারসিক কর্মকর্তা বিশ্বজিত প্রমুখ।

















