কালিগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৪:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কৃষ্ণনগরের মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “চিকিৎসা জনগণের মৌলিক অধিকার, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অতীতের শাসকরা জনগণকে সঠিক সেবা না দিয়ে শোষণ করেছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় ও অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে ভাঙন নেমে এসেছে। সরকারি হাসপাতালের বেহাল অবস্থা আজ কারও অজানা নয়। আমরা ক্ষমতায় আসতে পারলে শিক্ষা, চিকিৎসা, কাবিখা-কাবিটার অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। শোষণ-বঞ্চনামুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা অপরিহার্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক।
গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে। ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।

















