ডেস্ক রিপোর্ট ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৪:১৬ অনলাইন সংস্করণ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারের মাধ্যমে সংঘটিত প্রতারণা ও অপব্যবহার রোধে সাতক্ষীরার শ্যামনগরে এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জের শুশীলন টাইগার পয়েন্টে বিকাশ লিমিটেডের উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন। তিনি বলেন, “এমএফএস ব্যবহার করে প্রতারক চক্র নানা অপকৌশলে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সবাইকে তথ্য আদান-প্রদানে সচেষ্ট হতে হবে।” একই সঙ্গে তিনি সকল বিকাশ এজেন্টকে গ্রাহকের সঠিক পরিচয় যাচাই করে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, রিজিওনাল ম্যানেজার বদরুদ্দোজা, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ম্যানেজার কামরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাব্বির ফয়সাল।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ সাতক্ষীরা জেলার বিকাশের সম্মানিত এজেন্টবৃন্দ।
কর্মশালায় বক্তারা এমএফএস প্রতারণা প্রতিরোধে সচেতনতা, তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং প্রযুক্তি নির্ভর কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

















