শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে : কাজী আলাউদ্দিন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এম এ আশেক এলাহী মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “১৯৯১ সালে জামায়াত ১৮টি, ২০০১ সালে ১৭টি এবং ২০০৮ সালে মাত্র ২টি আসন পেয়েছিল। এরপরও তারা কিভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার আশা করে? তাদের পক্ষে কখনোই তা সম্ভব নয়। এমনকি ২০১৮ সালের নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকেই অংশগ্রহণ করেছিল, অথচ আজ তারাই ধানের শীষের বিরোধিতা করছে।”
তিনি আরও বলেন, “একটি পরিবারের নারী সদস্যরা সব সময় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি শ্যামনগরে আধুনিক মানের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।”

বিজ্ঞাপন