শ্যামনগর প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৫:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে এক গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাবুরার ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স।
এ আয়োজনে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্প।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মঞ্জুর হোসেন, ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেলেনা বিলকিস, সমাজসেবক আলহাজ্ব আনছার আলী, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী, লিডার্স নারী দলের সদস্য সালমা খাতুন, আমেনা খাতুন, মর্জিনা খাতুন, ফিল ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন এবং কনটেন্ট ক্রিয়েটর দ্বিজেন্দ্র লাল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।
বক্তারা বলেন, “বাল্যবিবাহ শুধু মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও এক মারাত্মক হুমকি। নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা জোরদার করতে হবে।”
গণজমায়েতে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনের দাবি জানান। তারা বলেন, প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয় যদি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করা যায়।
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় আইন প্রয়োগে কঠোর হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু করার জন্য।

















