দেবহাটা

সীমান্তে কঠোর নজরদারি, দুর্গা বিসর্জনে সময় বেঁধে দিল প্রশাসন

  দেবহাটা প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ২:০৫:১০ অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউট সম্পাদক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাব সভাপতি ডা. অহিদুজ্জামান ও সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক হাফেজ জি. এম. আব্বাসউদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় সীমান্ত নিরাপত্তা ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম জানান— সীমান্ত নদী ইছামতিতে বিজয়া দশমীর মিলনমেলা অনুষ্ঠিত হবে না এবং সন্ধ্যা ৭টার মধ্যেই সব দুর্গা বিসর্জন সম্পন্ন করতে হবে।

সভায় ইউএনও মিলন সাহা বলেন, “দুর্গোৎসবসহ যেকোনো উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ও জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদক ও চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারি থাকবে।”
সভার আলোচনায় উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর