সাতক্ষীরার উন্নয়নমূলক কর্মকান্ডের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে দেবহাটা উপজেলার সর্বস্তরের জনগণ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় পারুলিয়া বাসস্ট্যান্ড সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পার্শ্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তাদের মতে, সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দর নির্মাণ, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন এবং সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়ক ও অবকাঠামো উন্নয়ন। এসব প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন সিদ্দিকী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সাতক্ষীরার উন্নয়ন থমকে ছিল। তবে পরিবর্তনের পর যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, তা বাধাগ্রস্ত করতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, “আমরা সাতক্ষীরার উন্নয়ন যেকোনো মূল্যে এগিয়ে নিয়ে যাবো। বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কখনোই সফল হবে না।”
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমদাদুল ইসলাম, সহ-সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ময়না, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম এবং উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম।
মানববন্ধনে দেবহাটা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সাতক্ষীরার উন্নয়নবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়নবিরোধী বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
HridoyBarta







