তালা প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ১১:৫৫:২৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলায় সুপারি বাগান থেকে বৈদ্য নাথ (৮০) নামের এক প্রবীণ পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজারসংলগ্ন নাথপাড়া এলাকার সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৈদ্য নাথ ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পাট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। সকালে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার মরদেহ বাড়ির পাশে সুব্রত মল্লিকের সুপারি বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।”
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

















