মাসুদ রানা মনা ১৪ অক্টোবর ২০২৫ , ৪:১৭:৩৬ অনলাইন সংস্করণ
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনা জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাহিনী সদস্যরা ডাকাতদের ধাওয়া করে ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) কে আটক করে। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

















