শ্যামনগর

স্থানীয় সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, বরং মানুষের কথা তুলে ধরা

  শ্যামনগর প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৪৯:৫১ অনলাইন সংস্করণ

শ্যামনগরে হৃদয় বার্তার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা থেকে প্রকাশিত মুক্ত মনের মুখপত্র দৈনিক ‘হৃদয় বার্তা’-র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক হৃদয় বার্তা-র শ্যামনগর ব্যুরো প্রধান এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, শ্যামনগর রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী আল ইমরান, ও শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রতিনিধি এস এম সাহেব আলী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, স্থানীয় সাংবাদিকতাকে শক্তিশালী করতে হৃদয় বার্তা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
প্রধান অতিথি সামিউল আজম মনির বলেন, “স্থানীয় সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, বরং মানুষের কথা তুলে ধরা। হৃদয় বার্তা সেই কাজটি নিষ্ঠার সাথে করছে। শ্যামনগরের প্রান্তিক মানুষের কথা, সুন্দরবনের সমস্যা, উপকূলের জীবনযাত্রা সবকিছুই এই পত্রিকাটি গুরুত্বের সাথে প্রকাশ করছে।”
বিশেষ অতিথি এস এম মোস্তফা কামাল বলেন, “আজকের এই ডিজিটাল যুগেও হৃদয় বার্তা তার বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মধ্য দিয়েই এই পত্রিকাটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”
বেলাল হোসেন বলেন, “উপকূলের মানুষ ও প্রকৃতির গল্প তুলে ধরার মাধ্যমে হৃদয় বার্তা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনছে। এটি সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণার।”
গাজী আল ইমরান বলেন, “স্থানীয় সংবাদপত্রগুলোই প্রকৃত উন্নয়নের বার্তা দেয়। হৃদয় বার্তা সেই দায়িত্ব পালন করে চলেছে।”
মারুফ হোসেন মিলন বলেন, “আমরা চাই, এই পত্রিকাটি আরও প্রসারিত হোক এবং উপকূলের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করুক।” আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর