সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে তারা শিক্ষাব্যবস্থাকে তেমন গুরুত্ব দেয়নি। উন্নত রাষ্ট্র গঠনের জন্য শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই জাতিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে আমাদের শিক্ষকদেরই।”
তিনি আরও বলেন, শিক্ষকদের নৈতিকতা, নিষ্ঠা ও আদর্শই আগামী প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমিরা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে করণীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।







