এম কামরুজ্জামান শ্যামনগর ব্যুরো ১১ নভেম্বর ২০২৫ , ২:০৩:২০ অনলাইন সংস্করণ
বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ী ও দুর্ধর্ষ ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানবপাচারকারী ও ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যে কৈখালীর বয়াসিং এলাকায় খালের পাশে পুঁতে রাখা একটি বিদেশি ৯ মিমি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া বিজিবির সহযোগিতায় মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, পৃথক এক অভিযানে গত ৮ নভেম্বর রাতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা খালসংলগ্ন এলাকায় দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বোট লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে দস্যুরা অন্ধকারে পালিয়ে যায়।
ঘটনার সূত্র ধরে কয়রা থানা এলাকা থেকে দুলাভাই বাহিনীর সহযোগী সোলায়মান (৫০) কে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে মঙ্গলবার ভোরে আবারও অভিযান চালিয়ে একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা ও ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪টি চকলেট বোমা, ৩০টি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি, চারটি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক সোলায়মান দীর্ঘদিন ধরে দস্যু দলকে অস্ত্র ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যু ও চোরাচালানমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

















