শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে তরুণদের ব্যতিক্রমী ধর্মঘট

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
HridoyBarta

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টায় যমুনা নদী সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসওয়াইএসটি)। সহযোগিতা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
ধর্মঘটে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগণের জীবিকা রক্ষা, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। বক্তারা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ তাদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে।
যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধর্মঘটের মাধ্যমে উপকূলের তরুণরা জলবায়ু ন্যায়ের বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে চায়।
ধর্মঘটে সভাপতিত্ব করেন এসওয়াইএসটির সভাপতি সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স. ম. ওসমান গনি, এসওয়াইএসটির সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস এবং কোষাধ্যক্ষ জাহিদ হোসেন।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান তোলেন “জলবায়ু ন্যায্যতা এখনই চাই”, “উপকূল বাঁচাও, মানুষ বাঁচাও” যা চারপাশে সংহতির আবহ তৈরি করে।
ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন এসওয়াইএসটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য পল্লবী মন্ডল, মিনাজুল ইসলাম রিয়াজ, বৈশাখী মন্ডল, রূপা মন্ডল ও বীথিকা মন্ডল প্রমুখ।

বিজ্ঞাপন