শ্যামনগর

জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে শ্যামনগরে সংবাদ সম্মেলন

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫৭:৩৯ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজার ২৪ একর ৬৬ শতক জমি নিজেদের দাবি করে জমির প্রকৃত মালিকগণ সংবাদ সম্মেলন করেছেন। ২১ জানুয়ারি (বুধবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটুলিয়া চরের বিল গ্রামের মোঃ রবিউল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২০ জানুয়ারি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমি বিরোধ নিয়ে মানববন্ধনে মতিয়ার গাজী ও অন্যান্যরা মিথ্যা তথ্য দিয়ে ২৪ একর ৬৬ শতক জমি দাবি করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। উক্ত জমি বর্তমানে রবিউল ও পরিবারের দীর্ঘদিনের বসবাস, কবরস্থান, মসজিদ এবং মৎস্য ঘের হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রবিউল ইসলাম জানান, প্রকৃত মালিকরা হলেন আব্দুল জব্বার সানা, আবুল হোসেন সানা, আব্দুল মাজেদ সানা, জিএম বজলুর রশিদ, হাছিম সরদার (২ একর ৬৬ শতক) ও মোঃ রবিউল ইসলাম (৬৬ শতক)। তারা জানান, বিরোধীদের রাজনৈতিক স্বার্থ ও সুবিধার কারণে মানববন্ধনে সন্ত্রাসী আখ্যা ব্যবহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জিএম আলতাফ হোসেন লাভলু ও মোঃ সুজাত হোসেন সানা জমি সংক্রান্ত সালিশি বৈঠকে শ্যামনগর থানায় অশালীন আচরণ করেন। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৮৭) করা হয়েছে। এছাড়া, তর্কিত জমি নিয়ে ফৌজদারি আদালতে ৬-৭টি মামলা হয়েছিল, যার রায় মালিকপক্ষের হয়ে হয়েছে।
প্রকৃত মালিকগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যাতে কেউ অবৈধভাবে জমি দখল করতে না পারে এবং শান্তিপূর্ণভাবে তাদের সম্পত্তি রক্ষা করতে পারে।

আরও খবর