আসাদুজ্জামান ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫৬:৩২ অনলাইন সংস্করণ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বন বিভাগের সদস্যরা একটি নৌকা ও তিন জেলেকে আটক করেছেন। মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার মাইটের চরের খাল থেকে তাদের ধরা হয়।
আটক জেলেদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানারের ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ ফজলুল হক নিশ্চিত করেছেন, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বনআইনের ১৯২৭ সালের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ মাছ ধরা সংক্রান্ত একটি গোপন খবরের ভিত্তিতে পুষ্পকাটি স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে নৌকা ও মাছধরার সরঞ্জামসহ জেলেদের আটক করে।

















