আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তালা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) তালা থানাধীন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় তালা উপজেলার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের সঠিক ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এছাড়া উপস্থিত ছিলেন তালা ক্যাম্প কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সজীব হাসান, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।
কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তালায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
HridoyBarta








