মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৫:০০:১৫ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সর্বাত্মকভাবে কাজ করছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ০৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ের গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব।
তিনি জানান, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার ১৬টি উপজেলা ও ০৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ০৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা প্রতিরোধে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী এলাকায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে ১৭ বিজিবি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। পাশাপাশি জনগণের আস্থা ও সচেতনতা বাড়াতে প্রেরণামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটার উপস্থিতি বাড়ে।
লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব জানান, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
তিনি আরও বলেন, ১৭ বিজিবি সীমান্তবর্তী তিনটি উপজেলার প্রায় ১৬০ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

















