শ্যামনগর

নির্বাচিত হলে সরাসরি আমার সঙ্গে দেখা করবেন, কোনো দালাল লাগবে না : ড. মনিরুজ্জামান

  মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৩:২৯:৩০ অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেছেন, নির্বাচিত হলে জনগণের প্রয়োজনে তাঁর সঙ্গে দেখা করতে কোনো সুপারিশ, দালাল কিংবা মিডিয়ার প্রয়োজন হবে না। সরাসরি তাঁর সঙ্গে দেখা করে সাধারণ মানুষ তাদের সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সুন্দরবন নির্ভরশীল জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় কৃষক, মৎস্যচাষি ও কাঁকড়া চাষীদের কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি উপকূলবর্তী নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট পাকা করাসহ নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপকূলীয় জনপদের সার্বিক উন্নয়নে তিনি ও তাঁর দল বদ্ধপরিকর।

জনসভায় আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, পদ্মাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা।

এর আগে ড. মোঃ মনিরুজ্জামান নওয়াবেকি বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান।

জনসভার সঞ্চালনা করেন নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

আরও খবর