মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৩:৩৪:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারি (শনিবার) বিকাল ২টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবাইকে পজেটিভ মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমন্বয়ের মাধ্যমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

















