এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৫৯:১৪ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শ্যামনগরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাবেক এমপি গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে জনগণ অত্যন্ত সচেতন। জুলাই আন্দোলনের যোদ্ধারা মানবাধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের যে স্বপ্ন দেখেছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই আশা-আকাক্সক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি জানান, এ উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কাইয়ুম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভাকে সাফল্যমন্ডিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে গাজী নজরুল ইসলাম বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও গোছালো জনসভা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জনসভার সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে তিনি বলেন, উপকূলীয় অঞ্চল শ্যামনগরের জন্য টেকসই বেড়িবাঁধ অত্যন্ত জরুরি। উপকূলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে পরিকল্পিত ও সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে বিশেষ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে দীর্ঘস্থায়ী ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা যায়।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় সাড়ে চার লক্ষাধিক মানুষের বসবাস থাকা সত্তে¡ও শ্যামনগরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। নির্বাচিত হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি উপকূলীয় গাবুরা, পদ্মপুকুরসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, নাভারণ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও নির্বিঘœ হবে।
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। ব্যক্তিগত অঙ্গীকার হিসেবে তিনি জানান, সরকার প্রদত্ত ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে জনসভা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

















