শ্যামনগর

শ্যামনগর প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতির ওপর হামলা

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২ মার্চ ২০২৬ , ১০:৪৭:৪৮ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল আযম মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী হিসেবে উপজেলা প্রেসক্লাবের ভেতরে অবস্থানরত হুসেইন বিন আফতাব, জুবায়ের মাহমুদ, মিজানুর রহমান, আহাদসহ অন্যান্যরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, বিএনপি নেতা আবু তালেব, রবি, যুবদল নেতা মিজান, ব্যবসায়ী আব্দুর রহিমসহ যুবদল নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে সভাপতি সামিউল মনিরের ছবি সংবলিত একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে মানববন্ধন চলাকালীন হঠাৎ করে যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেব, রবি সহ প্রায় ২৫/৩০ জন নেতাকর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন। এ সময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপস্থিত সাংবাদিকদের ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেসক্লাব চত্বরের বাইরে নিয়ে গিয়ে ইট, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, “তার মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “আমি বিষয়টি জেনেছি। থানায় অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় সামিউল মনিরের লেখা “যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতক্ষ নদের বালু লুট” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর থেকে সমকাল প্রতিবেদক ও সভাপতি সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

এদিকে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর