এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৯ এপ্রিল ২০২৬ , ২:০৬:৩৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়িতে অপদ্রব্য (পুশ) প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের জোরালো অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর দিঘীরপাড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। তিনি মৎস্য পণ্য মান নিয়ন্ত্রণ আইন, ধারা ৩১(১) অনুযায়ী রামচন্দ্রপুর গ্রামের আতিউর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অপদ্রব্য মেশানো চিংড়ি জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান, এসআই জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন জানান, সাতক্ষীরার বাগদা চিংড়ি ‘সাদা সোনা’ হিসেবে দেশ-বিদেশে পরিচিত এবং এ খাত থেকে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এ গুরুত্বপূর্ণ খাত হুমকির মুখে পড়ছে। চিংড়িতে অপদ্রব্য পুশ করা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের রপ্তানি বাজারের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই সাতক্ষীরার সম্ভাবনাময় চিংড়ি খাতকে রক্ষা করা সম্ভব।

















