শ্যামনগর

কলস কাঁধে ‘রান ফর ওয়াটার’, সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমী ম্যারাথন

  ডেস্ক রিপোর্ট ২০ এপ্রিল ২০২৬ , ২:৫৬:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির তীব্র সংকটের বিষয়টি সামনে আনতে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’ অনুষ্ঠিত হয়েছে। মাটির কলস হাতে নিয়ে এই ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী, যা উপকূলের মানুষের প্রতিদিনের পানি সংগ্রহের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে ম্যারাথনটি শুরু হয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে আবাদচন্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

সুপেয় পানির দাবিতে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই আয়োজনের উদ্যোগ নেয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ। এছাড়া ৩০টিরও বেশি যুব সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন গাবুরার জি. কে. সাব্বির হোসেন, দ্বিতীয় হন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু।

ম্যারাথন শেষে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এই আয়োজন শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি উপকূলীয় অঞ্চলের মানুষের পানির অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সচেতনতা তৈরির এক শক্তিশালী উদ্যোগ।

বক্তারা আরও তুলে ধরেন, ক্রমবর্ধমান লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনগোষ্ঠী তীব্র পানিসংকটে ভুগছে। নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার হলেও এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তা থেকে বঞ্চিত।

অনেক নারীকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয়, আবার অনেকেই বাধ্য হয়ে অর্থের বিনিময়ে পানি কিনে ব্যবহার করেন। এই কঠিন বাস্তবতা তুলে ধরতেই ‘রান ফর ওয়াটার’ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে উপকূলের মানুষ নিরাপদ পানির অধিকার নিশ্চিতভাবে পেতে পারে।

আরও খবর