শ্যামনগর

শ্যামনগরের ইশ্বরীপুরে গণশুনানী: প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সেবা উন্নয়নে জোর

  সাহেব রেজা, শ্যামনগর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ৩:০৪:৩৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সেবার মান উন্নয়ন বিষয়ে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই গণশুনানীর আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানটি বাস্তবায়িত হয় কমনওয়েলথ ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল কমিউনিটি শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায়।

গণশুনানীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় সিভিল সোসাইটি, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সেবার বর্তমান মান, প্রবেশগম্যতা এবং বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। বিশেষভাবে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গণশুনানী কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এবং একটি সহনশীল ও দুর্যোগ-প্রস্তুত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর