দেবহাটা

পাম্প না থাকায় দীর্ঘদিনের ভোগান্তি : সীমিত সরবরাহে আংশিক সমাধান, তবুও হতাশা কাটেনি

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ৩:১৫:০৫ অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের জ্বালানি সংকটের পর অবশেষে পরীক্ষামূলকভাবে দেবহাটায় মোটরসাইকেলের জ্বালানি (পেট্রোল) বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজে এ কার্যক্রম চালু করা হয়।

জানা গেছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকটের কারণে দেবহাটার সব তেলের এজেন্টের সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেট্রোল পাম্প না থাকায় উপজেলার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পেট্রোল ও অকটেনের অভাবে বেশি বিপাকে পড়েন।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈধ লাইসেন্সধারী তেলের এজেন্টদের তালিকা প্রস্তুত করা হয় এবং প্রতিটি এজেন্টের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়। এরপর ডিপো থেকে সীমিত পরিমাণ ডিজেল সরবরাহ শুরু হলেও প্রায় এক মাস পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় সংকট আরও প্রকট হয়ে ওঠে।

এ অবস্থায় প্রশাসনের উদ্যোগে পারুলিয়া ইউনিয়নে পরীক্ষামূলকভাবে পেট্রোল বিক্রি শুরু করা হয়। প্রথম দিনে ৪০০ লিটার পেট্রোল বরাদ্দ দেওয়া হয় এবং উপস্থিত ক্রেতাদের নাম ও মোবাইল নম্বর তালিকাভুক্ত করে প্রত্যেককে ২ লিটার করে বিতরণ করা হয়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

তবে সীমিত সরবরাহের কারণে অনেক ক্রেতা তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় সংকট পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত সময়ের মধ্যে জ্বালানির সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউল রহমান সিদ্দিকী জানান, “দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে ছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে পেট্রোল বিক্রি শুরু করা হয়েছে। সীমিত পরিসরে হলেও মানুষ স্বস্তিতে তেল কিনতে পেরেছে।”

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, “জ্বালানির সরবরাহ বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই সব বৈধ এজেন্টের মাধ্যমে নিয়মিত জ্বালানি তেল বিক্রি শুরু হবে বলে আশা করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা গেলে দেবহাটার জ্বালানি সংকট কাটবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।

আরও খবর