শ্যামনগর

শ্যামনগরে কুরিয়ারে পাচারকালে জব্দ ৫০ বস্তা শামুক-ঝিনুক, সুন্দরবনে অবমুক্ত

  ডেস্ক রিপোর্ট ২৯ এপ্রিল ২০২৬ , ৩:২৩:১৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় জব্দ করা ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। বুধবার (২৯ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান।

এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এসব শামুক-ঝিনুক জব্দ করা হয়। জব্দকৃত শামুক-ঝিনুকের মোট ওজন প্রায় ২ হাজার ৫শ কেজি।

বনবিভাগ সূত্র জানায়, জব্দকৃত শামুক ও ঝিনুকগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সহকারী বনসংরক্ষক মশিউর রহমান জানান, বন আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পাচার চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর