শ্যামনগর প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ২:৪৯:৩৭ অনলাইন সংস্করণ
সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ, কাঁকড়া ও মধু আহরণের সময় দুই বনজীবীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৯টি নৌকা, ২১০ কেজি মধু, ১৫ কেজি মোম ও ৩০ কেজি কাঁকড়াসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বিভিন্ন অভয়ারণ্য এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২৯ এপ্রিল) অভিযানে অংশ নেওয়া দলের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভয়ারণ্য এলাকায় যেকোনো ধরনের বনজ সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মধু সংগ্রহ ও মাছ-কাঁকড়া শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট-০২ টহল দল অভিযান চালালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার আইয়ুব আলী গাজী (৫৩) ও মো. জোমাত মোড়ল (৬৬)। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ আরও জানায়, জব্দকৃত নৌকা ও মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক আরেকটি অভিযানে চুনকুড়ি টহল ফাঁড়ির বনরক্ষী ও সিপিজি সদস্যরা বন্দুকখালী খালে ফুট পেট্রোলিং চালিয়ে হরিণ শিকারের জন্য পাতা ১১টি ফাঁদ শনাক্ত করে অপসারণ করেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে বন বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

















